২৪ এপ্রিল ২০২৬ - ২১:১৬
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় বাংলাদেশি জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা বজায় রাখার আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। ইরান সব সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী এবং তারা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক আরও গভীর করতে চায়।


সম্প্রতি তুরস্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের মধ্যকার বৈঠককে ইরান ইতিবাচকভাবে দেখছে। মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষায় বাংলাদেশের নিরপেক্ষ ও গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেছে তারা।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকার যে শোক প্রকাশ করেছে এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করেছে, তার জন্য ইরান বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছে। এছাড়া ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে।

পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের জন্য শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে বিবৃতিতে।

ইরান জানায়, তারা ইতিমধ্যে ১৮৬ জন বাংলাদেশিকে আজারবাইজান হয়ে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজগুলো যেন কোনো বিপদ ছাড়াই চলাচল করতে পারে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দুই দেশের সম্পর্ক নিয়ে কিছু ভুল বা খণ্ডিত তথ্য প্রচার করা হয়েছে, যা কাম্য নয়। এই ধরনের ভ্রান্ত ধারণা যেন তৈরি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরান দূতাবাস।

Tags

Your Comment

You are replying to: .
captcha